Saturday, July 4, 2026

প্রথম চুম্বনের জীবাশ্ম

তোমার প্রথম চুম্বনের জীবাশ্ম লেগে ছিল ঠোঁটে
ধুয়ে ফেলেছি, মুছে ফেলেছি সেই দাগ,
তবু ভালোবেসে মুছতে পারিনা জানো
তোমার রেখে যাওয়া পুরনো আঘাত।
যন্ত্রণা বলে কিছু নেই আর
সবই ভাবি এ মনের ভুল,
আলগা হাতের স্পর্শ লাগছে ভারী
তুমি কেন ছোঁয়ালে আঙুল?

তুমি সত্যি বলে দিলে মুখ ফস্কে

তুমি সত্যি বলে দিলে মুখ ফস্কে,
আমি মেনে নিলাম, জানি কিচ্ছু বলার নেই।
বিরক্তি লেগে থাকে ঠোঁটে,
তবু সব ছেড়ে আমি পড়ে আছি তোমাতেই।
কেউ নেই, কোনও অভিযোগ নেই আমার,
ধূসর রাত্রে কেঁদে ওঠা ভুলে গেছি সেই কবেই,
তুমি থেকে যেতে পারতে না হয়,
আমি তো রয়ে গেলাম তবুও সব মেনে এভাবেই।

তুমি কি চলে যেতে চাও? - গান

তুমি কি চলে যেতে চাও?
ভুলে যেতে চাও আমাকে?
বলো আমি সরে যাবো,
কখনও আসবো না এখানে।
তুমি কি চলে যেতে চাও?

এতোদিন এতো রাত জুড়ে পাগলামি,
কখনও থেমে যাওয়া আঙুলের বেইমানী,
সব ভুলে যাবে, থেমে যাবে আবার,
তাই কল্পনা থেকে নেই কিছু ভাবার,
যেতে চাইলে চলে যেও অনায়াসে,
ডাকবো না পিছু আর মৃত অভ্যাসে।

তুমি কি থেকে যেতে চাও?
রেখে দিতে চাও আমাকে?
না গো আমি চলে যাবো,
কখনও আসবো না এখানে।
তুমি কি থেকে যেতে চাও?

এতোদিন এতো রাত জুড়ে পাগলামি,
কখনও থেমে যাওয়া আঙুলের বেইমানী,
সব ভুলে যাবে, থেমে যাবে আবার,
তাই কল্পনা থেকে নেই কিছু ভাবার,
যেতে চাইলে চলে যেও অনায়াসে,
ডাকবো না পিছু আর মৃত অভ্যাসে।