Sunday, February 25, 2018

জীবন চুরি

সমুদ্দুরের গল্প শোনো
ঢেউয়ের ভিড়ে লুকোচুরি,
একটা ঢেউয়ে ঝিনুক কোড়ায়
অন্য ঢেউয়ে জীবন চুরি।

ফিরে আয় তুই

যে প্রভাতে আজি এ শহরে মন
নাম লিখে গেছে গাড়ি,
সেই পথগুলো ধুলো মেখে গায়ে
ভুলে গেছে তোর বাড়ি।
আমি হেঁটে চলি কাগজের ফাঁকে
ঠিকানা বদলে গেছে,
আজ আকাশের নরম দু'চোখে
পূর্ণিমা লেগে আছে।
তোকে কিছু কথা বলবো ভেবেছি
সরিয়ে রেখেছি মনে,
আজ রাতে কেউ গল্প শোনে না
ভাঙা এই টেলিফোনে।
এভাবেই দিন কেটে যায় রোজ
তোর চিঠি পড়ে পড়ে,
আরও একবার ফিরে আয় তুই
ফাগুন হাওয়াতে বয়ে।

Saturday, February 24, 2018

জন্ম নতুন

জ্বলবো আবার নিভেও যাবো
রাতের আকাশ অন্ধ করে,
তোর পথেতে মোম জ্বালাবো
ফাগুন হাওয়ায় মুক্ত হয়ে।
আমি কে তুই জানবি না, নাকি
জানতে চাস না ইচ্ছে করে,
এখনও কি তুই আমায় খুঁজিস
জোনাকির ওই ধরপাকড়ে?
তোর জন্যেই বাঁচছি জীবন
আসছি ফিরে নতুন করে,
এই পৃথিবীতে তোর মায়াতেই
এসেছি এবার জোনাকি হয়ে।
চিনতে পারলে আটকে রাখিস
তোর ছোঁয়াতে বন্দী করে,
নয়তো আবার প্রান হারাবো
একলা রাতে পাথর হয়ে।

Friday, February 23, 2018

বৃষ্টির প্রেম

দিনের শেষে কালবৈশাখী
তোমার আমার শহর জুড়ে,
বৃষ্টির প্রেমে ভাসবে মাটি
দুইটি দেহের কবর ছুঁয়ে।

Thursday, February 22, 2018

ক্লাসরুম

আমায় যখন বিচার করো
আমার রূপের নিন্দা করে,
আমায় কেন খোঁজো তুমি
ক্লাসরুমের ওই অন্ধকারে।

প্রতিদান

ভাবছ এখন নেই বলে আমি
যা খুশী তাই বলবে ওকে,
যখন তোমার কঠিন সময়
চোখ বুজে তুমি ডাকবে কাকে?

সহ-সৈনিক

আমার কাঁধেই জন্ম নিচ্ছ
বাড়ছ তোমার জীবন পাতায়,
যতই আমায় মন্দ বাসো
তোমার শব্দ আমার খাতায়।
আমার সাথেই চলছ এ পথ
তোমার যুদ্ধের প্রতি বাধায়,
যুদ্ধে জয়ী হলেই তুমি
কামান দাগবে আমার মাথায়।