Saturday, June 4, 2016

একটি রক্তাক্ত বিকেল

একটি রক্তাক্ত বিকেল। সমুদ্রের ধারে এক কফিশপে বসে কফির কাপে চুমুক দিচ্ছে দুজন। কফি কাপের বাষ্পে আকাশের চশমার কাঁচ প্রায় ভিজে গেছে।
দূরে একটি মেয়ের দিকে তাকিয়ে অনিতা জিজ্ঞেস করলো "ওই মেয়েটি তোমার প্রাক্তন না?"
ক্ষণিকের নিস্তব্ধতা, তারপর আকাশ উত্তর দিলো "প্রাক্তন? প্রাক্তন বলে কিছু হয় নাকি! তুমি যা কিছু দেখছো আশেপাশে, এগুলো সবই আসলে তোমার বর্তমান, আর তার গায়ে লেগে থাকে ভবিষ্যতের ছোঁয়া। আমরা সেদিকেই এগিয়ে চলি যেদিকে ভবিষ্যতের সন্ধ্যাতারা আমাদেরকে পথ দেখায়। আর কি বললে তুমি, প্রাক্তন! আসলে যেগুলোকে তুমি প্রাক্তন বলো সেগুলো কোনোদিনই তোমার ছিল না, তুমি কেবল অভিনয় করেছিলে বা অন্য কারোর অভিনয়ে অংশ নিয়েছিলে। কিন্তু সেই অভিনয়কে কোনো এক সময় মিথ্যে প্রমাণিত করে দিয়ে গেছে সময়ের চিতা।"
এই বলে আকাশ তার চশমাটা খুলে টেবিলের উপর রাখলো আর এক দৃষ্টিতে চেয়ে থাকলো দূর সমুদ্রের দিকে। ধীরে ধীরে রাতপাখিদের ডানার আড়ালে সন্ধ্যা নেমে এলো, আঁধারের সুবিশাল কারখানায় হারিয়ে গেলো দূরের সেই মেয়েটির মুখখানি। ফোনটা বেজে উঠলো আকাশের "ভালো আছি ভালো থেকো..."

Wednesday, June 1, 2016

বিরহ

তুমি জানো মাঝরাতে আমার আজকাল জ্বর আসে?
দিন শেষে আমার শরীরেও রাত হয়।
আমাদের বদলে যাওয়ার স্বপ্নগুলো এখনো আমার চোখে ভাসে,
সবই তো আসলে সাজানো একটা অভিনয়।

জলছবি

ক্লান্ত শরীরে আজ ক্ষীণ হয়ে আসে রোদ,
বিকেল নামলে শুরু সূর্যের অবরোধ...

Wednesday, May 11, 2016

স্বপ্নঘোর

মাঝ রাতে একা জেগে থাকে শত আশা নিয়ে বেঁচে থাকা দুই চোখ, কিছু বিষাক্ত পোকামাকড় স্বপ্নগুলোকে কুঁড়ে খেয়ে ফেলে আর চোখের কিনারে কিছু চোরাবালি ও নোনাজলের ছিটা দিয়ে চলে যায়।

ফিরে যাওয়া

মনের অস্তিত্ব মিলিয়ে গেছে ছায়াপথের ভিড়ে,
পরে আছে কেবল একলা এই শরীর।
দেখে এসো আমার চিতা জ্বলছে প্রানহীন কোন নদীর তীরে,
অন্ধকারটা আজ একটু বেশিই গভীর।

Monday, April 11, 2016

প্রাক্তন

পড়ার ব্যাচে এক কোনায় বসে যেদিন
প্রেমের সূত্রপাত,
প্রথম দেওয়া চিঠিটাও সেদিন
বদলায়নি কোন হাত।

ঘুমন্ত শহরের একলা রাতে
প্রেমের সাক্ষী ছিল দুটি টেলিফোন,
ফেলে আসা সেই সময়ের সাথে
সবকিছুই আজ প্রাক্তন।

ফুটপাথে হাঁটা ক্লান্ত বিকেলের যখন
বুক চিরে নেমে এসেছিল রাত,
জ্যোৎস্না আলোয় স্ট্রান্ডে বসে তখন
সযত্নে ধরেছিলাম তোর হাত।

একলা বিকেলে কবিতা লিখে
দিয়েছিলাম তোকে আমার মন,
কাগজের ভিড়ে কিছু প্রশ্ন রেখে
হয়ে গেছি আজ তোর প্রাক্তন।