Tuesday, July 5, 2016

আগামীর কথা

কোনোদিন কি আমাদের দেখা হওয়ার কথা ছিল?
অবাধ্য পৃথিবী ঘুরেই চলে,
স্থান, কাল সব উল্টে পাল্টে মিলিয়ে দেয়।
সকাল থেকে রাত হওয়ার মাঝে তোমার শব্দগুলো আমার চামড়া ভেদ করে ঢুকে যায়,
ভীষণ যন্ত্রণা হয়,
সেদিন তো তুমি আমাকে বলোনি এতো কিছু,
প্রতিদিন কত নতুন সংখ্যার জন্ম হয় তোমার চোয়ালের প্রতিটি ওঠানামায়,
আমি এখনও শূন্যের পাঁচিল বেয়ে উঠে বেড়িয়ে আসতে পারি না।
রাত নামলে বিছানার সাথে জড়িয়ে যায় আমার ঘুম
চারিদিকে কত কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে,
হিসেব কিছুতেই মিলতে চায় না
কাগজের দৈর্ঘে ঢাকা পড়ে যায় আমার সমস্ত অভিমান, ভালোবাসা।
হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায়,
দেওয়াল জুড়ে শুনতে পাই অতীতের চিৎকার,
সময়ের দেওয়ালে সব লেখা থাকে আগামীর কথা।

Saturday, July 2, 2016

ছোট্ট বিদায়

সমুদ্রের শেষ প্রান্তে রাঙা সূর্যের বিদায়,
অপেক্ষা একটি নতুন সূর্যোদয়
কিন্তু দুঃখের বিষয়,
জীবনের সূর্য একবারই উদিত হয়।

Saturday, June 25, 2016

মাটির পুতুল

অন্ধকারের ধোঁয়ায় মিশে যায় রাত
কলমের গলা শক্ত করে টিপে ধরে আমার আঙুল,
ঘুমের পাহাড়ে মিশে থাকে বিরহের ছাপ
রাতের আঁধারে শুয়ে কাঁদে তোমার মাটির ভাঙা পুতুল।

Monday, June 20, 2016

শূন্য অক্ষর

চিঠির খামে ভরে রাখি আমার সমস্ত অভিমান,
অক্ষর বয়ে বেড়ায় সেই অসীম শূন্যতা।
গীটারের তারে জন্ম নেয় নতুন সুরের অভিধান,
অবাধ্য আঙুল মেপে রাখে আমার প্রতিটি ব্যর্থতা।

Friday, June 17, 2016

মজার লেখা - সেমিস্টার

হাই হ্যালো, বাই বলো,
মাঝরাতে কথা বোলো,
ফোনটা রেখে বইটা খোলো,
সেমিস্টার তো এসে গেলো।
টর্ক দিলে বাড়াবাড়ি,
ফিল্ড খুললে মারামারি,
লোড নয় বেশী ভারী,
স্পিড মাপতে ভালোই পারি।
লেজারের জোড় বেশী,
বই খুললে পায় হাসি,
সিলেবাস রাশি রাশি,
পাশ করতে কষ্ট বেশী।
জল গড়ালেও মেকানিক্স,
এখানেও খেলছে ফিজিক্স,
গুনছি বসে সংজ্ঞার লিস্ট,
কম পেলেই লাইফ রিস্ক্।
এবার শোন ভাই আমার কথা,
অঙ্কে একটু মাথাটা খাটা,
ক্যালেন্ডারে ফর্মুলা সাঁটা,
পরীক্ষা যেন না হয় যা-তা।
কম্পিউটারটা ভীষন ভালো,
পেন কিনেছি পুরো কালো,
ফোনটা রেখে বইটা খোলো,
সেমিস্টার তো এসেই গেলো।

Sunday, June 5, 2016

কুয়াশা

একদিন সকালে খবরের কাগজের ভিড়ে তোমার দরজায় কড়া নাড়ল আমার মৃত্যুর খবর, অঝোরে বৃষ্টি নামলো। তোমার শরীরের ভাঁজে লেগে থাকা আমার সমস্ত জীবাশ্ম ধুয়ে দিয়ে গেলো এই বৃষ্টি। ঘন কুয়াশাতে ঢেকে দেয় সমস্ত দিক।

Saturday, June 4, 2016

অচেনা প্রশ্ন

একদিন আমার চোখের জলে হয়তো পুকুর ভাসবে, সেদিন আমার চোখে তুমি ভিজবে তো বলো?