Friday, March 16, 2018

ঝাপসা

আমাদের দেখা হতে পারে
যেকোনো রোদেলা দিনে,
সেখানে কথা জমতে পারে
আকাশের ঘেরা নীলে।
এই রাতে অভিমান না করে
ভালো থাকিস প্লিজ,
আমি ফিরে যাবো, তারপর?
চশমাটা মুছে নিস।

সীমার বাইরে

আমি জায়ান্ট হুইলে আটকে গেছি,
তোমার স্বপ্ন উড়োজাহাজের ডানায়,
যতবার তোমাকে ছুঁতে হাত বাড়াই
আবদ্ধ হই চেনা সীমানার তালায়।
এখানেই আমি জীবিত, এখানেই তুমি বদলিও হাত,
তুমি হেঁটে যেও, কেটে যাক এভাবেই প্রতিটা রাত।

Wednesday, March 14, 2018

যুদ্ধ জীবন

এখান থেকেই হাঁটার শুরু
আলোকবর্ষ দূরে,
শিকল ছেঁড়ার শব্দ উঠুক
বদ্ধ জীবন জুড়ে।

Tuesday, March 13, 2018

অভ্যাস

আমি ডুবে গিয়েছিলাম
যে জলে রোদ ভাসে,
সেখানে মরিনি আমি
বিষ জল নিঃশ্বাসে।
আমি বেঁচে আছি আজ
বিকেলের ভেজা ঘাসে,
যেখানে হেঁটেছি আমরা
অতীতের অভ্যাসে।

Wednesday, March 7, 2018

পলাশের অভিমান

মনমরা শীত আর তির্যক সূর্য, দুজনেই একে অপরকে চায় কিন্তু জীর্ণ পলাশের ডালে লাল ছড়িয়ে পড়ে আর জন্ম দেয় নতুন মুহূর্তের। মুছে যাওয়া বিকেলের দৈর্ঘ্য বাড়ে, ওরা আরও বেশীক্ষণ একটু নরম রোদে রঙ মাখতে পারে। মগজে তখন শব্দের লাইব্রেরী অথচ নিয়ম মেনে নীরবতায় মগ্ন দুটি অচেনা হাত, যারা একে অপরকে স্পর্শ করতে চায় কিন্তু সাহস পায় না। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়, আকাশের বুকে বেগুনি তরী ভেসে আসে অজস্র জোনাকি আর তারাদের সাথে নিয়ে। দুজনের ঘরে ফেরার তাড়া, একজন উঠে দাঁড়ায় ব্যাগ কাঁধে নিয়ে, অপরজন আলতো শরীরে প্রস্তুত হয় খুলে রাখা চটিতে পা রাখার। পলাশের অভিমান ভাঙে, ধুলোমাখা চটির গর্ভে খসে পড়ে এক সদ্য বিকশিত পাপড়ি। মানুষটি খুলে রাখা সেই চটিতে পা রাখতে গিয়ে হঠাৎ থমকে যায়, শক্ত হাতে কাঁধে ভর দেয় পাশের মানুষটির। এটাই তাদের প্রথম স্পর্শ, যার সাক্ষী একটি শয্যাশায়ী পাপড়ি আর দখিণা হাওয়া। এরপর তারা হাঁটতে শুরু করে, অনন্তকাল যাবৎ হেঁটে যাবে এই পথ। সন্ধ্যার তরীতে ভেসে আসা জোনাকিরা আজ উড়তে শিখে গেছে, পথের অভিমুখে উড়ে বেড়ায় আর আঁধারের শূন্যতা মুছে আলোকিত করে তাদের পথ। এভাবেই প্রত্যেক শীতের শেষে ঋতু বদলায়, দুটি মানুষকে একসাথে চলার শপথ করিয়ে বেগুনী তরীতে হলুদ বিকেলের শেষে মিলিয়ে যায় বসন্ত।

Sunday, March 4, 2018

ভাঁটার টান

ও নদী তোর গলার স্বরে
আমার মনের স্বাদ,
ও নদী তোর বুকের ভিতর
আমার ইচ্ছে বাদ।
তুই ঢেউয়ের স্বরে বালি ওড়াস
আমার পথ চেয়ে,
তোর ভাঁটার টানেও সাঁতার কাটি
উল্টো স্রোত বেয়ে।
ও নদী তুই একটুখানি
আমার ঘরে আয়,
ও নদী তোর ভাঁটার টানে
মনটা ভিজিয়ে যায়।
তুই গল্প বলিস অনেক রাতে
আমার দুচোখ ছুঁয়ে,
তোর চোরা স্রোতের দাগগুলো সব
আমার বুকেই শুয়ে।

Saturday, March 3, 2018

রঙ তুলি

কথা দিয়েছিলাম অনেক কিছুই
পারিনি কিছুই রাখতে,
রঙ-তুলি দিয়ে মনের ভিতরে
কখনও কি আমায় আঁকতে?