Sunday, October 4, 2015

মানবিকতা

যদি তুমি নিঃস্বার্থ হও, শোনো এই জগতে তুমিই হয়তো সব থেকে বেশি বোকা, সব থেকে বেশি প্রতারিত, কারণ তুমি কারোর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। তুমি কাউকে ঠকাতে জানো না, কাউকে মিথ্যা বলে কষ্ট দিতে জানো না, তুমি এই রোবট দুনিয়ায় থেকে কি করবে? যদি পারো তো এই স্রোতে গা ভাসিয়ে দাও, নইলে হয়ত তোমাকে সারাটা জীবন এইভাবেই যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হবে। তোমার সামনে সবাই তোমাকে বাহবা দেবে, কিন্তু জানো না তোমার পিছনে তারাই তোমায় নিয়ে 'খিল্লি' করবে। তোমার নামে মূর্তিও করতে রাজি তারা, কিন্তু তাতে দায়িত্ব নিয়ে পানের পিকটাও কিন্তু ফেলতে ছাড়বে না। এই রোবট পৃথিবীতে কেউ কারোর নয়, যদি পারো তো বদলে ফেলো নিজেকে। নইলে...

Friday, October 2, 2015

চাহিদা

জানিনা মেয়েটা কি ছেয়েছিল, তবে আহত ছেলেটা তো চেয়েছিল অল্প একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা...

Tuesday, September 15, 2015

বিপ্লব

আজকে জানিনা কোন বিপ্লবের  ছোঁয়া  লেগেছে  আমার ভিতরে। তুমি জানো আমি কতটা বদলে গেছি এই কিছুক্ষণের মধ্যেই! রেলগাড়ির আওয়াজ আমায় আর লাইন পারাপার করা থেকে আটকাতে পারে না, রাস্তার মোড়ে সিগন্যাল পোষ্টের রক্তচক্ষু আমায় আটকাতে পারে না আর।  রক্ত গায়ে মেখে মরতে আর ভয় পাইনা।  জানিনা কোন বাধাহীন জীবন  প্রবাহ বয়ে চলেছে অচল এই শরীরে। আমি আজ আর ভালো নেই।  তবুও বলে রাখি ভালো থেকো।  সময়ের ক্লান্ত নিশ্বাসে খুঁজো আমায়, আমি সাড়া দেবো। ল্যাম্পপোস্টের আলোয় তোমার ছোঁড়া শব্দে চোখ ভেজাবো। তবুও আমি শুধু তোমাকেই ভালবাসবো,  কথা দিলাম...

Sunday, September 6, 2015

যন্ত্রমৃত্যু

আমার ঘড়ির দম ফুরিয়ে এসেছে,
সময়ের অঙ্ক নক্ষত্রের হিসাব রাখে,
ক্লান্ত পেন্ডূলাম আয়ুরেখা ধরেছে,
একা ডায়াল কাঁটায় রাত্রি মাপে।
গিয়ারের শব্দকোশ টিকটিকির গলা মেলায়,
মৃতপ্রায় পেন্ডূলাম প্রশ্ন করে নিজের অস্তিত্ত্বের,
আবার নৈশ্যতা নামে আঁধারের খেলায়,
বিদায় হোক আমার নির্ভেজাল মনুষ্যত্ত্বের।

Saturday, August 15, 2015

স্বাদ-হীন

যেইদিন ভীষণ রাত্রে গলির ভাঁজে হেঁটে যাবে কোনও একা মহিলা, সময়ের সীমার বাইরে অন্ধকারের চাদরে ভাসিয়ে দেবে নিজেকে। মাঝরাতে ল্যাম্পপোস্টের টিমটিমে আলোয় মুখের ভাঁজে ভয়ের সমস্ত ছাপ মুছে ফেলে সামনের দিকে হেঁটে যাবে। অবশেষে সেই নির্জন ঘুমে ভেজা রাত্রে নিরাপদে আঁচরহীন শরীরে ঘরে ফিরবে সে। সেইদিনটিকে বেছে নিও স্বাধীনতা দিবস হিসেবে। ততদিন এই সমাজ স্বাদ-হীন।

Tuesday, July 14, 2015

অভিমান


রোজ রাতে অভিমানে চোখের তারায় ভেসে ওঠে তোর ঝাপসা প্রতিচ্ছবি, কিন্তু তোর আকস্মিক চাহিদা আমার বালিশ ভেজা ঘুমকে উত্তাপে শুষ্ক করে দেয়...

Sunday, June 28, 2015

সময়

সময়ের ক্লান্ত চাকা প্রতি মুহূর্তে আমায় আরও দুর্বল করে তুলছে...