Friday, November 11, 2016

ভালোবাসা

ভালোবাসা মানে শীতকাল,
ভালোবাসা মানে নাম,
চিঠিরাও নেয় বিশ্রাম,
ভুলে যাই তোর নাম।

ভালোবাসা বাকি যতদূর যাবি
ভুলে যাবি অভিমান,
তারাদের আলো ছুঁয়ে দেখি ভালো
খুঁজে দেখি লেলিহান।

ঘুরে দেখি আমি বারবার,
হয়ে যাই আমি তার,
মিটে যায় সব আবদার,
লেগে থাকে নামে ধার।

আলো মাখামাখি আধঘুমে ছবি
ভিড়ে ঢেকে রাখি খাম,
গোলাপের কাঁটা হাতে লাল ব্যথা
সুরে বেঁধে রাখি গান।

Saturday, November 5, 2016

ফেরার পথে

অল্প আলোয় তোর গলিতেই লুকিয়ে আছি মুখ,
ফেরার পথে খুঁজছি আমি তোর হাসিতেই সুখ।
দিনের শেষে প্রাক্তন পথে তোর সামনে আসা,
শহরতলীর হারানো প্রেমে ক্লান্ত ভালোবাসা।

Friday, November 4, 2016

জমানো মেসেজ

হঠাৎ চোখে পড়ে যায়
আমাদের পুরনো কথোপকথন,
উষ্ণ প্রেমের মেজাজে
সমস্ত ভুল ভেঙে চুরমার হয়ে যায়।
ডিলিট করার অপশনটা অ্যাপেন্ডিক্সের মতো
পড়ে থাকে কথার গভীরতা ছাড়িয়ে।
আমাদের ভুলে ভর্তি অভিমান
সমুদ্রের ঢেউয়ে চড়ে ঘুরে যায় অতীতের দিনে,
যে স্মৃতি এখনও চোখে জল আনে দিনের ব্যস্ততায়।
আমি চাইলেই তো পারতাম
সেগুলো মুছে ফেলতে, তবু চেষ্টা করিনা কারণ 
কাজের ফাঁকে প্রেমের গন্ধ নিয়ে মাতাল হবো বলে।

কিছুটা গোপনীয়তা

তোর মেসেজের উষ্ণ প্রেমে ভাঙছে আমার ভুল,
ডিলিট করার অপশনটা কাড়ছে রাতের ঘুম।

যেগুলো মিথ্যা

শব্দের শেষে শীতের মোড়কে লুকিয়ে বিকেলের পরিচয়,
মুখের হাসিটা আসলে আমার একটা সাজানো অভিনয়।

Thursday, November 3, 2016

কবি

লেখক হতে ভাব লাগে না, লাগে না কোনো বর্ষা,
আমার মতে খাঁটি কিছু বাংলা শব্দই ভরসা।

সন্ধান

হালকা আদর, ঘুমের চাদর
স্বপ্নে ভাসো তুমিও,
ভিড়ের মাঝে, সুখের খোঁজে
বদলে গেছি আমিও।