Saturday, January 20, 2018

স্মৃতির পাহাড়

শেষ রাতের ওই নিয়ন আলো
চোখ ভিজিয়ে নিভলো সুখে,
আমার মনের স্মৃতির পাহাড়
ভাঙলো শব্দে তোমার বুকে।
তোমার ছায়ায় অন্য মানুষ
হাঁটছ তুমি পথের বুকে,
চোখ সরিয়ে আবেগ ভুলে
অল্প হাসি আমারও মুখে।

দিনের ছদ্মবেশ

চোখের ভাষায় লেখা
পড়তে পারো নিজে,
সাজাবো প্রেমের মেলা
তোমার রক্তে মিশে।
নিশীথ রাতের বেলা
তোমার দু'চোখ ভিজে,
দেখবো তোমায় একা
দিনের ছদ্মবেশে।

Friday, January 19, 2018

মনের দুয়ার

শান্ত তোমার দুয়ার রেখে
রাখাল বাঁশি বাজিয়ে সুরে
সাঁঝ আকাশের ক্লান্ত মেঘে
ভাসিয়ে ছিলাম ভেলা,
আকাশ পানে তোমায় চেয়ে
মেঘের কালোয় আঁধার বেয়ে
তোমার উঠোন অন্য সাজে
কালবৈশাখীর খেলা।
আবদার আর নেই তো আমার
অধিকারটাও এখনও তোমার
শব্দের তরী বাক্য বেঁধে
বুকের ভিতর ব্যথা,
স্রোতহীন এই আবেগ জোয়ার
আঁধার বুকের শূন্য পাহাড়
কাজের ফাঁকি ভিড়ের মাঝে
তোমায় ভাবি অযথা।

Monday, January 15, 2018

বন্দী শিকড়

মেঘ খুঁজছে বন্দী শিকড়
বৃষ্টি নামবে রাতে,
গাছের পাতায় শীতের শহর
ঘুমিয়ে অজুহাতে।
ঘড়ির কাঁটায় চোখ টলমল
অভিমান বুক ভরে,
এখন তো কেউ প্রেম দেয় না
আগের মতন করে।

Saturday, January 6, 2018

বসন্তের রশ্মি

তোমার ওড়ার স্বপ্নগুলো এখনও এ বুকে বন্দী,
কিছুটা বাঁচার তাগিদ কিছুটা বেঁচে থাকার সন্ধি,
আলো জ্বালো তুমি, অন্ধকার মনুষ্যত্বের রাতে,
বসন্তের রশ্মি লুকিয়ে তোমার কল্পনার প্রভাতে।

Friday, January 5, 2018

আগুন্তুক

তুমি মায়াবি রাতের এক উজ্জ্বল তারা,
মোহনার ভোরে খসে পরেছিলে আমার বুকে,
কথা ছিল আমাকে পথ দেখাবে
আঁধার সরিয়ে তোমার জলন্ত আগুনের সুখে।
তোমাকে জ্বালিয়ে রাখতে পারিনি,
বছরটা শেষ হয়ে গেছে বয়সের ওজনে,
কিছুটা পড়ন্ত রোদ এখনও বাকি,
চলো গায়ে মেখে ফিরে যাই হাত ধরে দুজনে।

Tuesday, January 2, 2018

সাজানো প্রহর

তুই শব্দ সাজাস গাছের ছায়ায়
কুয়াশায় ভিজে শহর,
ভোরের আলোয় চোখের তারায়
তোর সাজানো প্রহর।