Monday, December 7, 2015

পরীক্ষা

পাতার পর পাতা লিখে যাই শুধু,
কলমে মরচে পড়ে যায়, তবুও থামে না,
মানেহীন শব্দরা ঘুরে বেড়ায় আনাচে কানাচে।
কোন ঠিকানাহীন বন্দরের হাওয়া দীর্ঘ বয়ে চলে,
ঝাপসা চোখে আরও অন্ধকার নেমে আসে,
পেনের কালি তখন তলানিতে গিয়ে ঠেকেছে,
চিন্তাগুলো মাথা এফোঁড়-ওফোঁড় করে ছুটে যায়।
তবুও ভেবে দেখার সময় নেই আজ,
বিশ্রামের ক্লান্তি মুখের ঘাম মোছে।
ক্লাসরুমের ঘণ্টার আঘাত
বজ্রঘাতের গর্জনের থেকেও ভয়ঙ্কর,
প্রশ্নগুলো ছিঁড়ে খায় আমাকে।
এর থেকে মুক্তির উপায় একটাই,
জানালার বাইরে একটা সুদীর্ঘ নিঃশ্বাস।

Tuesday, December 1, 2015

সুপ্ত আগুন

অভিমানটাকে সুখে থাকতে দাও, ওকে রাগে পরিণত করো না, কারণ ফলাফলটা কিন্তু আগ্নেয়গিরির থেকেও জোরে বিস্ফোরিত হতে পারে।

Saturday, November 28, 2015

অনুভূতি

যে মানুষ যত বেশি সিরিয়াস, তার মানসিক আঘাতগুলোও ঠিক ততটাই গভীর। তাদের মনের প্রাচীর খুবই নরম, শিমুল তুলোর শরীরে ভেসে বেড়ায় বাতাসের আবডালে...

Tuesday, November 24, 2015

জন্মান্তর‬

ফাঁকা বন্দরের একাকি এক তরী,
ঢেউ তুলেছে বুকের ভিতর রোজ,
চাঁদের আলোয় ঘুমন্ত জল পরি,
ক্লান্ত রাতের গভীরতায় হয়েছে নিখোঁজ।
তবু মাছেরা রাতের হিসেব কষে,
ছোট্ট পাতায় টুকরো শব্দ লেখা,
একটা একটা করে ছায়াপথের তারা খসে,
আবার হবে পরের জন্মে দেখা।

Sunday, October 25, 2015

অপরাজিতা



অসুর বধের মধ্যে দিয়ে শুরু হয় নারীমূর্তির আরাধনা,
উৎসবের আলোয় শহুরে রাস্তাগুলো স্নান করে ওঠে।
ওরাও তো নারী,
তবু ওদের জীবনে এই আলোর ছটা পৌছয় না,
প্রতিরাতে হাজারো মুখোশ পরা অসুর ওদের উপর ঝাঁপিয়ে পড়ে,
ধর্ষণ করে ওদের ক্লান্ত যৌনতাকে।
ভোররাতে ওদের বুকের ভিতর নেমে আসে দশমীর শূন্যতা।
তারা নারী, হার না মানা লড়াইয়ের প্রকৃত অপরাজিতা।

Friday, October 16, 2015

লাল পাহাড়ির দেশে

বহুদিন পরে মনে পরে গেলো তোমার সঙ্গে কাটানো পাহাড়ি রাতের অনুভূতিগুলো,
আঁকড়ে ধরা শিকড়ের মতো শীতটা কামড়ে ধরেছিল আমাদের,
স্লিপিং ব্যাগে হাত গুটিয়ে বসে থাকা উষ্ণতায় গায়ে একঝাঁক কাঁটা দিয়ে শিহরণ জেগেছিলো,
ক্যামেরার মেমরী সেদিন রেকর্ড করতে পারেনি আমার অনুভূতিগুলোকে।
অসীমে মিলিয়ে যাওয়া রেললাইন বেয়ে যখন ট্রেন এলো,
আবার ফিরে এলাম চার দেওয়ালের শুন্য ফ্রেমে মোড়া  নিস্তেজ ঘরের কোনায়।
প্রতীক্ষা এখনো অনেক বছরের...

টুকরো কথা

প্রেমের সমীকরণ বেশ কঠিন, কখনও সরলরৈখিক তো কখনও বক্রাকারে ঘুড়ে বেড়ায় আর দিনের শেষে Undefined হয়ে অসীমে মিলিয়ে যায়...