Thursday, October 27, 2016

মিথ্যে

ছায়ার মানুষ দাঁড়িয়ে আছে, তোর জানালার অন্ধকারে,
মিথ্যে শব্দ সত্যি সাজে, কথার ভিতর অহংকারে।
মিথ্যা যে তোর ঠোঁটের ডগায়, সত্যি কথার নিম্নস্বরে,
মাঝরাতে প্রেম আজও কাঁদায়, আসলি কেন আমার ঘরে?

Wednesday, October 26, 2016

অ্যালবাম

তোমার শহর থমকে আছে
ক্লান্ত ট্র্যাফিক, ভিড়-জ্যামে,
আমার স্মৃতি হারিয়ে গেছে
ভোর রাতের ওই অ্যালবামে।

Monday, October 24, 2016

কত ভালো হতো - গান

কত ভালো হতো যদি সব ভেঙে জুড়ে ফেলা যেত,
কত ভালো হতো যদি হাতে মুঠো রোদ ধরা যেত,
কত ভালো হতো যদি ভাঙা মেঘে ভেসে যাওয়া যেত,
কত ভালো হতো যদি সব গান বেঁধে ফেলা যেত,
যদি সব ভালো হয়ে যেত, আশাগুলো আশাহত, মেঘেরা ঘরে ফিরে যেত।
তবে সাঁঝবাতি নিভে যেত, তুলসীরও মাথা নত, গান বাঁধা কবে ঘুচে যেত।

কত ভালো হতো যদি ভাঙা ডালে হাসি ফিরে যেত,
কত ভালো হতো যদি এক ডাকে তোকে পাওয়া যেত,
কত ভালো হতো যদি সব ভুল মুছে ফেলা যেত,
কত ভালো হতো যদি মাঝরাতে ফিরে আসা যেত,
যদি সব ভালো হয়ে যেত, মন ছুঁয়ে কথা দিত, জোনাকির ঘর ভাঙা যেত।
তবে তারাদের রাগ হতো, সময়েরও দেখা হতো, তোকে নিয়ে ঘর বাঁধা যেত।

কত ভালো হতো, কত ভালো হতো, কত ভালো হতো, যদি সব কিছু ভুলে যাওয়া যেত।।

Sunday, October 16, 2016

একক

শীতের কামড় পড়ছে গায়ে শুষ্ক হাওয়ার ডাক,
বৃষ্টি নামলে সময় ভাঙলে কাঁদছে ঘুমের রাত।
একলা মনে ঠোঁটের কোনে জমছে শব্দের ঝাঁক,
সাঁঝের বন্দর হাঁটছে পায়ে, আকাশ করছে মাত।

Thursday, September 29, 2016

উড়ালপুলের পথে

নিঃস্ব ছায়ায় শুয়ে আছে পাখিদের কলরব,
ছাদহীন পিলার পড়ে থাকে রাস্তাঘাট জুড়ে,
শহরের পথ আঁকড়ে ল্যাম্পপোস্ট স্বপ্ন দেখে,
আকাশ ছুঁয়ে আলোকিত করে দেয় আমাদের রাস্তাঘাট।
পথ উঠে যায় মহাশূন্যের উদ্দেশ্যে
চোখ বড়ো বড়ো করে ছুটে যায় চাকার আওয়াজ,
একটা ব্যস্ত রাস্তা, পিলারের গল্প শোনে অন্ধ রাত্রি,
শিশির জমতে থাকে বিজলী বাতির কাঁচে,
ডুকরে কেঁদে ওঠে এই পথঘাটের ধুলো।
আমার হেঁটে যাওয়ায় মিশে যায় নিঃশব্দ কিছু ভুল,
নতুন গল্প সাজিয়ে শূন্যে পাড়ি দেয় একলা উড়ালপুল।

Monday, September 26, 2016

উৎকণ্ঠা

শীত জমে আছে ঘরের কোনে
গীটারের তারে কিংবা বয়সের ওজনে,
প্রশ্নের ভিড় জমে থাকে ক্লান্ত শরীরে
কুয়াশা বিরাজ করে আমাদের চারপাশ ঘিরে।

মাঝরাতে বৃষ্টিতে জল জমে
শহরের বুকে অথবা একলা মনে,
ইচ্ছেডানা উড়ে যায় আকাশের বুক চিঁরে
জ্যোৎস্না রাতে কিংবা জোনাকির ডানার গভীরে।

Sunday, September 18, 2016

মুদ্রিত ভবিষ্যৎ

একটা সময়ের খাঁচায় বন্দী তুমি,
মশারির মায়াজালে বেঁধে রেখেছ সমস্ত অভিমানী রাত।
ভাঁজ হওয়া কাগজে আমি শব্দ গুনি,
ছড়িয়ে যাওয়া পারদের কণায় মুদ্রিত তোমার ভবিষ্যৎ।