Thursday, October 26, 2017

উৎসবের আলো

চোখ ধাঁধানো আলোর ভিড়ে
সাজছে আমার শহর,
উৎসবের এক মিলনমেলা
জীবন্ত একটা নগর।

Wednesday, October 25, 2017

আমার সংজ্ঞা

ঝড়ের হাওয়া আছড়ে পড়ে
নৌকো ভরা স্বপ্ন ভিড়ে,
আমার হৃদয় দু-আধখানা
খঞ্জনার ওই ছিন্ন নীড়ে।
দৃশ্য ছাড়া ভিজবো কীভাবে
বদ্ধ ঘরের প্রেক্ষাগৃহে?
আমার সংজ্ঞা আমিই লিখি
মাথার ভিতর শব্দ দিয়ে।

Tuesday, October 24, 2017

অন্ধ পথিক

ফুটপাতে এক ধর্ষিত মেয়ে
হাত বাড়িয়ে সাহায্য চায়,
পথের মানুষ ব্যস্ত ভীষণ
ক্যামেরা খুলে ভিডিও বানায়।
চোখ ফেরানো মানুষগুলো
হাত গুটিয়ে শান্ত সাজে,
এতোই শান্ত, ওদের দেখি
যেখানে ধর্মযুদ্ধ বাঁধে।

Monday, October 23, 2017

প্রথম চুম্বন

আমার প্রথম চুম্বন লুকিয়ে এই শহরে,
বৃদ্ধ বটের নীচে অথবা হারানো সময়ে।

Saturday, October 21, 2017

শুভ ভাতৃদ্বিতীয়া

কপাল ছুঁয়ে স্নেহের ফোঁটা
ভাইয়ের আয়ু বাড়ে,
বোনের চলার পথটুকুও
উঠুক আলোয় ভরে।

Wednesday, October 18, 2017

বারুদের চিৎকার

শহরের গায়ে আলোর গয়না,
উৎসবে মাতুক রাত,
এ শহরে কেউ এগিয়ে যায়না,
পিছিয়ে পড়ার ধাত।
তবু আমি তুমি বসে অভিমান করি
অতীতের কারাগারে,
আমাদের কথা ঢাকা পড়ে যায়
বারুদের চিৎকারে।

Tuesday, October 17, 2017

আটপৌরে

আমি আটপৌরে এক লেখক,
কবিতায় ছন্দ নেই, শুধুই শব্দ,
কিছুটা একঘেয়ে, কিছুটা দগ্ধ,
চিন্তাশক্তির উঠোনে কবিতারা
শহরের মৃত কারখানার মতো
প্রতিদিন শুয়ে কাঁদে, শুরুর কোনও গল্প নেই,
এখানেই কবিতার জন্ম, ব্যথার মুক্তি এখানেই।