Sunday, April 29, 2018

তারার গ্রহণ

ভাঙছে শহর প্রেমের পাতায়
বিকেল ধুলোর উল্কাপাতে,
বাঁধছে গ্রহণ তারায় তারায়
সুযোগ পেলে গভীর রাতে।
কথার নালিশ গাল বেয়ে যায়
আঙুল ছুঁয়ে নরম হাতে,
সেলফোনে চোখ নীরবে তাকায়
বুকের ভিতর যন্ত্রণাতে।
এভাবে নতুন সকাল আসে
একটা দুটো কল্পনাতে,
আগের রাতের স্বপ্ন ভাসে
চোখের পাতার আলপনাতে।
কথার আবেগ নরম ঘাসে
নতুন প্রেমের সুত্রপাতে,
মেঘের কোণায় সর্বনাশে
মেলায় স্মৃতি বজ্রাঘাতে।

Saturday, April 28, 2018

মন্দ-ভালো

বাড়ছি তোর এই বন্দী আলোয়
শিকড় জড়িয়ে মন্দ ভালোয়,
পথের বিকেল বড্ড মন খারাপ।
আকাশ কালোয় সন্ধ্যা শাঁখে
জড়িয়ে গিয়েছি অভিশাপে,
আমার বুকে তোরই মনের ছাপ।
যদি একটা দিন গল্প লিখি
চিঠির ভাঁজে তোকে দেখি,
দিনের প্রথম আলোয় সুপ্রভাত।
বিকেল ছুঁয়ে রাত্রি নামে
রাতের সন্ধ্যাতারা জানে,
আমার ভীষণ মনখারাপের ধাত।

সুপ্ত প্রেম

তোকে খুঁজিনি, হয়তো খুঁজতে চাইনি,
জামা ভিজে গেছে ব্যস্ততায়,
আমার কথায় একঘেয়ে বিরক্তিমুখ তাই
থাকতে চাই শুধু অপেক্ষায়।
ভালোলাগা চোখে ভালোবাসা মিশে
টিফিন টাইম এক কোণায়,
খুঁজে ফেলি তোকে, বলে ফেলি সব
একটা আবেগ যন্ত্রণায়।
কত রাত জেগে কত কথা তোকে
বলেছি ভেবে যতনে,
যেভাবে শামুক ধীর নিঃশ্বাসে
পথ হেঁটে চলে স্বপনে।
রক্তচাপ বাড়ে বিশাল সংখ্যায়
মনকে বোঝাই গোপনে,
ভালোবাসা কখনও ক্লান্ত হয়না
প্রেমের বৃক্ষ রোপণে।

Sunday, April 22, 2018

Enemy of star

যদিও সবটাই আপেক্ষিক
পথিকও এগোতে জানে না
আর পথও পিছোতে পারে না,
দোটানায় আটকে থাকে পৃথিবী।
মায়া বাড়ে, ধুলো জমে পথে
আমি বৃষ্টি ভিজে হেঁটে বেড়াই,
মেঘের আড়ালে শুষ্কতা লুকিয়ে
আর ছায়াপথ জ্যোতিষ্কের এনিমি।

Friday, April 20, 2018

সুতোয় সংঘাত

বলেছি তোকে মনের কথাই
ভিজেছি রাতে প্রেমে অযথাই,
তোর জন্যই বাড়িয়ে রেখেছি হাত।
জানি ডুবে গেছি এক চোখ জলে
কীভাবে তোকে বেঁধেছি আনমনে,
একটা সুতোয় প্রান্ত দুইয়ের সংঘাত।
তবুও আমি লেগে আছি নীলে
মনের কোণায় কিংবা বাতিলে,
আমার তোকে শব্দ ছোঁড়ার ধাত।
কোথায় গেলে পাবো বল তোকে
পাথর গলাবো ভেজা দুই চোখে,
এমনি করেই কাটবে অচেনা রাত।

Thursday, April 19, 2018

কল্প-প্রেম

আমার ইচ্ছে করে একটা ফাঁকা বন্দর
যেখানে তোর মায়ায় সমস্ত রাত ঘুমিয়ে,
একটিবার এসে দাঁড়াবি আমার পাশে?
শুধু বলতে চাই ভালোবাসি আর কিচ্ছু না,
তোর আঙুল ছুঁয়ে ফিরে আসবো আমি
ছায়াপথে খসে যাওয়া তারাদের অনুগামী।
সার্চলাইট জ্বেলে জাহাজ আসবে নেমে
তুই উঠে যাবি জলের বুকে ভাসার জন্য,
কিছুটা আলো রেখে যাস নদীর কিনারে
সে আলোয় স্নান করে আমার ফিরে আসা,
আমি প্রত্যেক রাতে দাঁড়াবো খালি পায়ে
যেখানে স্বপ্নেরা বাঁচে ভেজা কবিতার গায়ে।

Tuesday, April 17, 2018

প্রেমের ঘানি

কোথাও যেন আমার শহর বৃষ্টি পায়ে পায়ে
ছাতার নীচে প্রেম বুনে দেয় অচেনা দুটি গায়ে,
রাত বেড়ে রোজ নতুন রঙে গল্পের হাতছানি
শহর ভিজুক বৃষ্টি ছাদে, ঘুরছে প্রেমের ঘানি।
এভাবেই আমার প্রেম নিবেদন মানুষের ভিড় ঠেলে
তোর কথাতেই ডুবছি ভাসছি আশার আগুন জ্বেলে,
ভাবছি আমিও ফিরে যাবো রাতে অচেনা শহর ছেড়ে
ভালোবাসা মাখা ভিজে জামা গায়ে শ্যাওলা উঠবে বেড়ে।