Thursday, March 7, 2019

বন্ধু তোকে

রঙ বেরঙের বিকেলগুলো কান্না হাসি চেপে,
তোর পাশে যেন থাকতে পারি বন্ধু শপথ রেখে।
কথার জোয়ার ভাসছে আলোয় রাত্রি ভেজা চোখে,
মনের ভিতর জমছে স্মৃতি শহরতলীর শোকে।
বন্ধু তোর ওই স্নেহের মলাট সমস্ত বুক জুড়ে,
আমার মনের গোপন কথা বাঁধিস সাতটি সুরে।
আমার মনে সবচেয়ে প্রিয় তুই, সবটাই জানিস,
তোর মনেতে আমার নামটা যত্ন করে রাখিস।

Wednesday, February 27, 2019

অনুভূতি সিরিজ - ৬

শূন্যতা ডাকে গভীরে প্রেমের বেদনা সকল মাঝে,
হৃদয় আকাশে জ্যোৎস্না ভাসে আপন খেয়াল সাজে।

Thursday, February 14, 2019

একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা

আমার দেশে মানুষ মরছে
কথায় কথায় যুদ্ধ হচ্ছে
তোমার আমার আঙুল ছুঁয়ে মন...
থেমে গেছে কত সময়
হাতঘড়ির ওই তীব্র ছোঁয়ায়
বর্ডার জুড়ে রক্ত ধোঁয়ায় ভিজছে কতজন...

গোলাপ জানে লালের মানে,
রক্ত ভেজা প্রেমের গানে
লাশের পাহাড় গুনছে এই সময়,
দিনটা শুধুই প্রেমের দিন
ভ্যালেন্টাইন ভীষণ রঙিন
দেশপ্রেমেও পায়নি ওরা ভয়...

একটি বার ভেবে দেখো প্রিয়তমা...
একটি সকাল উঠে কেঁদো প্রিয়তমা...
একটি বিকেল ঘুরে দাঁড়াও প্রিয়তমা...
একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা...

Monday, January 14, 2019

প্রথম আলো

প্রথম আলোর মনকেমনে শহর আজও অপেক্ষাতে,
ঠোঁটের আলাপ গল্প আঁকে তোর আমার কল্পনাতে।

Wednesday, January 9, 2019

গল্পের খোঁজ

সফলতা তোমার চারপাশে, কিন্তু তুমি দেখতে পাওনি। যে পিঁপড়েটা জলে পড়ে আছে সেও বাঁচতে চায়, একবার, দুইবার, তিনবার, অবশেষে হঠাৎ জল থেকে উঠে আসে। এটাও একটা গল্প হতে পারতো যদি তাকাতে সেইদিকে। এটাও একটা লড়াই হতে পারতো যদি অনুভব করতে পারতে তার বাঁচার ইচ্ছেটা। ভীষণভাবে ব্যস্ততা গ্রাস করছে আমাকে কিংবা তোমাকে। ব্যর্থতার মিথ্যে গল্প সাজিয়ে চলেছি চারদিকে দু-একটা লাইন লিখবো বলে। আঙুলের ডগা সর্বদা সজাগ "তুমি"-টাকে দোষী সাজিয়ে "আমি"-টাকে ভালো সাজাতে। এভাবে গল্প এগোয়, আমিও শব্দ সাজাই। বিকেল মাঠের ধুলোয় সূর্যটা অস্ত্র যায়, ক্যামেরায় ছবি তুলে রাখি শেষবেলায়। দুপুরের প্রখরতাটুকু এড়িয়ে যাই চোখ ঝলসে যাওয়ার ভয়ে। নরম রোদটাই প্রিয় আমাদের কাছে, যে নিস্ক্রিয় ভালোবাসা দেয়। আরও একধাপ এগিয়ে যাই। তোমরা খুঁজে বেড়াও সফলতা। আসলে পথ সাজিয়ে রেখেছ, একটু বাইরে হাঁটলেই ফেল। এক ঝাঁক বাক্য উড়ে এসে লাগবে গায়ে। আমি তো এভাবেই বাঁচতে ভালোবাসি। প্রজাপতি গায়ে বসুক, কিংবা ফুলের পাপড়িতে, কোথাও কোনও গল্প নেই, আমরা জটিলতা খুঁজতে ভালোবাসি।

Wednesday, January 2, 2019

সময়ের খোঁজে

অলেখা যতো কথা তোমার চিঠিতে
বয়ে নিয়ে আসে শৈত্যের প্রথম উষ্ণতা,
তোমাকে দেখে ভুলে গেছে নীল
সাগরের চোখে ডুবে থাকা এক ব্যর্থতা।
কীভাবে সময় পালায় আমি খুঁজে রাখি
দূরবীন কাঁচে সেই খবরের শিরোনাম,
তোমার সমস্ত ভালোবাসা ছুঁয়ে রজনীর
শেষ প্রান্তে লেখা অতীতের ডাকনাম।

Monday, December 31, 2018

বন্দী মন

ভালোবাসা বাড়ে শিকল ছাড়িয়ে বন্দী মনের এক কোণে,
তোর আবেশে তাকিয়ে থাকা নদীর কথাও কেউ শোনে।