Saturday, April 14, 2018

ধ্বংসস্তূপ

যে কুঁড়িটা ফুটতে পারেনি
বনফুল নাম নিয়ে
সেখানে তোমরা আগুন জ্বেলেছ
ধর্মের গান গেয়ে।
এটাই কি তার ভুল ছিল শুধু
মন্দির পাশে জন্ম?
কই, তোমরা তো কেউ হিসেব চাওনা
কত পেট পেল অন্ন!
অবশেষে কিনা মুছে গেলো সেই
ফুলের মুখে হাসি,
তোমরা এভাবে বিষ মেশালে
পরাগে রাশি রাশি।
তবুও সে ফুল মরতে চায়নি
মুছরে গিয়েছিলো গায়ে,
অবশেষে তোমরা মারলে তাকে
কঠিন ইটের ঘায়ে।
আর কতদিন মারবে এভাবে
ধর্মের নাম নিয়ে?
তোমার ঈশ্বর লুকিয়ে কাঁদছে
আসিফাকে বুকে নিয়ে।
ওই দেখো আকাশ আগুন জ্বালায়
পুড়ছে রঙের বর্ম,
আমার কাছে সব থেকে প্রিয়
বঞ্চিত মানবধর্ম।

Friday, April 13, 2018

ব্যস্ত সময়

শিকল বিদ্ধ সময় কাঁটায়
ঘড়ির দুহাত অন্য পাতায়
লিখছে প্রেম আজ ব্যস্ত হাতে
ভাবছি তোকেই গভীর রাতে।
কথার ভাঁজে শব্দ বাড়ে
দু'চোখে তোর স্বপ্ন ঝরে
এইভাবে রোজ দেখছি তোকে
সুযোগ পেলেই আড়াল চোখে।

Thursday, April 12, 2018

সৃষ্টির বৃষ্টি

চলনা যাই বৃষ্টি পায়ে
ভিজবো দুজন মেঘের গায়ে,
মাটির বুকে দুঃখ জমবে
শহর হাঁটবে খালি পায়ে।
ঠোঁট ছোঁয়াই কফির কাপে
জমবে আলাপ ভীষণ শোকে,
কাঁচের দেওয়াল বাষ্প জমবে
মনের বৃষ্টি গোপন চোখে।
এখনও রাত্রি ভাঙবে ঘুম
ননস্টপ স্বপ্নের খোঁজ করে,
শহরে জমবে প্রেম নতুন
সাজানো কক্ষের ঘুম ঘরে।

Wednesday, April 11, 2018

কথার বিষম

বলবো ভাবি অনেক কিছুই
এলোমেলো সব মনের collage,
কথার স্রোতে জড়িয়ে গেছি
খেয়াল রাখাই আমার রেওয়াজ।
একটা বাক্যই অনেক বেশে
মাথার ভিতর ঘুরছে বেগে,
অল্পক্ষনের আলাপ পাতায়
কখনো প্লিজ যাস না রেগে।
দুঃখিত আমি এখনও ভীষণ
কথার সাজেই কথায় বিষম,
হঠাৎ দেখায় পলক পড়ে,
মনের ভিতরে বসন্ত ঝড়ে।

Saturday, April 7, 2018

পিছুটান

কালের সন্ধ্যায় ভাঙছে সিঁড়ি
বয়স গুনছে অভিমান,
তোমার আমার হঠাৎ দেখা
মুখ ফিরিয়ে পিছুর টান।
আকাশ মেঘের নীরব ছোঁয়া
বৃষ্টি ভেজা তোমার গান,
ঠোঁটের কোণে মিথ্যে শপথ
কেউ রাখেনি কথার দাম।

Friday, April 6, 2018

স্মৃতির অতীত

বছর ঘুরে বসন্ত আসে
অনেক কথাই চাপা পড়ে যায়,
নতুন সকাল আলোয় ভাসে
পুরনো স্মৃতি পিছু ফিরে চায়।
এখনও কি তুমি বিকেলগুলোয়
সৈন্য সাজাও নতুন রাজায়?
তোমার ভিতর মানুষগুলোকে
হৃদয়ে রেখো বাঁচার আশায়।

Monday, April 2, 2018

চাওয়া পাওয়ার গল্প

তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আকাশ
জ্যোৎস্না আলোয় মগ্ন।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।

Unedited Version :
তুমি কি চেয়েছ, আমি কি দিইনি,
রুমাল ভেজায় স্বপ্ন,
তোমার চোখের কালোয় আঁকা
আরেকটা প্রেম ধন্য।
আমি কি চেয়েছি তুমি কি দাওনি
সেই নিয়ে কথা নেই,
আমি তো শুধুই চেয়েছি তোমায়
আঁধারের কালোতেই।