Tuesday, April 30, 2019

রমনি - গান

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

নাকি রাখতে পারোনি তাকে
শুধু মিথ্যা অজুহাতে
সে কেবলই তোমাকে ছায়া বানায়।

সে তো বেসেছিল ভালো
কেন ফিরে গেলো
যাওয়ার কি কথা ছিল তার?
শুধু ঠোঁটে মুখে
এলোমেলো সুখে
আজ ইচ্ছেরা সব নিরাকার।


একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

তাকে ভুলে যেও সুখে
চেপে যন্ত্রণা বুকে
মনে ভেবো যেন সে তাকে না হারায়।

একা বসে কেন তুমি
ওগো রমনি
সে কি ফিরবে বলেছিল তোমায়,
কেন এতো ভালো
বেসেছিলে বলো
সে কি আজও বুঝল না তোমায়?

সে তো এসেছিলো কাছে
কেন ফিরে গেছে
শুধুই কি দোষ সব আমার?
আজও গোপন রাতে
আমি খুঁজছি তাকে
আমি শব্দ শুনছি সে প্রেম ভাঙার।


একা বসে কেন তুমি
ওগো রমনি...

Sunday, April 21, 2019

একটু অবুঝ হতে দাও আমায় - গান

একটু অবুঝ হতে দাও আমায়,
একটু অবাক চোখে ভিজতে দাও আমায়,
তোমার চোখের কোণে থাকতে দাও আমায়
তোমার খোলা চুলে জড়িয়ে নাও আমায়।

এখানে কেউ আসে সেই অচেনা বেশে
তুমি কোথায় থাকো কোন অজানা দেশে
আমি চলে যাবো ঠিক তোমার ঠিকানায়
সেখানে গাইবো প্রানে এক নতুন নিশানায়...

"আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী,
তুমি থাকো সিন্ধু পাড়ে, ওগো বিদেশিনী,
আমি চিনি গো চিনি..."

আবার সময় তরী বইতে দাও আমায়,
তোমার বুকের মাঝে থাকতে দাও আমায়,
একটু অবুঝ হাতে খুঁজতে দাও তোমায়,
তোমার মনের ভাষা বুঝতে দাও আমায়।

যেখানে ছুঁতে পারি এক মেঘের মলাট
যেখানে বিকেল নামে, বাঁধে সময় জমাট
সেখানে তোমার কোলে শুয়ে নতুন আলোয়
আমি গাইতে রাজি আছি এক আঁধার কালোয়...

"কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘের কালো হরিণ-চোখ,
কৃষ্ণকলি আমি তারেই বলি..."

গাইতে গাইতে চলবে সময়
তোমার চোখের মলিন ধুলোয়
লুটিয়ে যাবে সেই বেদনায়
পুরনো স্মৃতির মলিন খাতায়...

একটু অবুঝ হতে দাও আমায়...

Friday, April 19, 2019

হঠাৎ পড়লে মনে - গান

হঠাৎ পড়লে মনে
আমার কথার সুরে
নতুন আলোয় এসে দাঁড়াও,
তোমার চোখের পাতা
আমার একলা থাকা
রোদের বিকেল মেঘে তাকাও।
হঠাৎ পড়লে মনে...

তোমার কথা ভাবি
তোমার পাশে হাঁটি
তোমার ছায়ায় প্রেম খুঁজি,
আমার চোখে ভেজো
আমার গল্পে এসো
আমার শব্দে শুধু তুমি।
হঠাৎ পড়লে মনে...

(incomplete as per our norms)

Thursday, March 7, 2019

বন্ধু তোকে

রঙ বেরঙের বিকেলগুলো কান্না হাসি চেপে,
তোর পাশে যেন থাকতে পারি বন্ধু শপথ রেখে।
কথার জোয়ার ভাসছে আলোয় রাত্রি ভেজা চোখে,
মনের ভিতর জমছে স্মৃতি শহরতলীর শোকে।
বন্ধু তোর ওই স্নেহের মলাট সমস্ত বুক জুড়ে,
আমার মনের গোপন কথা বাঁধিস সাতটি সুরে।
আমার মনে সবচেয়ে প্রিয় তুই, সবটাই জানিস,
তোর মনেতে আমার নামটা যত্ন করে রাখিস।

Wednesday, February 27, 2019

অনুভূতি সিরিজ - ৬

শূন্যতা ডাকে গভীরে প্রেমের বেদনা সকল মাঝে,
হৃদয় আকাশে জ্যোৎস্না ভাসে আপন খেয়াল সাজে।

Thursday, February 14, 2019

একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা

আমার দেশে মানুষ মরছে
কথায় কথায় যুদ্ধ হচ্ছে
তোমার আমার আঙুল ছুঁয়ে মন...
থেমে গেছে কত সময়
হাতঘড়ির ওই তীব্র ছোঁয়ায়
বর্ডার জুড়ে রক্ত ধোঁয়ায় ভিজছে কতজন...

গোলাপ জানে লালের মানে,
রক্ত ভেজা প্রেমের গানে
লাশের পাহাড় গুনছে এই সময়,
দিনটা শুধুই প্রেমের দিন
ভ্যালেন্টাইন ভীষণ রঙিন
দেশপ্রেমেও পায়নি ওরা ভয়...

একটি বার ভেবে দেখো প্রিয়তমা...
একটি সকাল উঠে কেঁদো প্রিয়তমা...
একটি বিকেল ঘুরে দাঁড়াও প্রিয়তমা...
একটি ভোরে জেগে ওঠো প্রিয়তমা...

Monday, January 14, 2019

প্রথম আলো

প্রথম আলোর মনকেমনে শহর আজও অপেক্ষাতে,
ঠোঁটের আলাপ গল্প আঁকে তোর আমার কল্পনাতে।