Friday, March 27, 2020

অনুভূতি সিরিজ - ৮

অনুভূতি ধারালো দাঁতে
আঁচড় কাটে কোনো শান্ত বুকে
কখনও বিকেলে ভাঙা রোদে
হয়তো সে সত্যিই ভীষণ সুখে...

একটা প্রেমের গল্প - গান

স্কুল পালানো মুহূর্তেরা
আবছায়াতে গল্প সেরা
তার দেখাতে অল্প ছোঁয়া চাই...
সে তো আসবে আবার মনে
কোনও অন্য দরজা খুলে
তার অলস দিনে আমার খবর পাই...

প্রেম মাখবো গায়ে অলঙ্কারে
তার ছোঁয়াতে মুগ্ধ হয়ে
বৃষ্টি বিকেল মাটির গন্ধ পাই...
আজ সকল কাজে তাকেই পাশে চাই...

Thursday, February 13, 2020

অনুভূতি সিরিজ - ৭

তোমার হাতে অস্ত্র অনেক,
নিরস্ত্র ছিলাম আমি,
রাতের আকাশ বুঝিয়ে দিলো
তারার আলোও দামী।

Friday, February 7, 2020

বিকল্প

এমন জীবন বাছলি রে তুই
ভোরের আকাশ দেখলি না
রোদের গায়ে সোনা আছে মাখলি না...
ওরে ভাই রে আমার সবুজ মাঠে
রাখাল হয়ে কল্পনাতে
লালের আভায় আপন মনে ছুটলি না,
কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
ওওও... কোথায় রে তুই সাঁঝের আকাশ দেখলি না...
দিনের শেষে ক্লান্ত শরীর,
অবাধ্যতা সময় ঘড়ির
মনের মানুষ ব্যস্ত ফোনে
একটু সময়ও পেলি না,
কোথায় রে তুই জীবন মানেই বুঝলি না।
সময় ভাবুক নিজের কথা,
জানি তোরও মনে ব্যথা,
একটিবারও আয়না নিয়ে নিজের ছবি দেখলি না,
কেন রে ভাই নিজেকে তুই চিনলি না...
রোদের গায়েও সোনা আছে মাখলি না...
ওওও... রোদের গায়েও সোনা আছে মাখলি না...

Sunday, February 2, 2020

ফেলে আসা দিন

জীবনে কত মানুষ একা হেঁটে যায়
নদীরা মেশে মোহনায়,
কথারা ঢেউয়ে চরে একা পাড়ি দেয়
স্মৃতিরা ভাসে কিনারায়।
এখনও তুমি আমি,
বসে বসে রোজই ভাবি
খুঁজেছি জোছনাতে
সেই ফেলে আসা দিন,
ভাঁটাতে জোয়ারের ঋণ...
কীভাবে কাটাবো রঙিন...

Sunday, September 15, 2019

মুখোমুখি সময়

চলতে চলতে একদিন সবাই থেমে যাবো,
অচেনা শহরটা হয়ে উঠবে খুব কাছের,
ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকবে স্মৃতি
যে বারান্দায় প্রতি প্রভাতে আলো এসে পরে
সেখানে ধুলো মেখে খেলে বেড়াবে এক ছায়া,
তাকে কেউ দেখেনি কখনও, কেউ চেনেও না
সময় চলে যাচ্ছে, বাড়ছে পারদ, সবাই ছুটছে,
কে সেই ছায়ামানব, তাকে তো চেনা হয়নি,
চোখ তোলো, উঠে দাঁড়াও, শরীরের গন্ধ নাও,
দেখো চিনতে পারছ? আরেকটু আলো চাই?
কিন্তু আমার যে আলোতে ভীষণ ভয় করে,
হ্যাঁ, আমি! এটাই আমার বিচরণক্ষেত্র।
ধুলো জমা ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে গেলাম
তোমার সমস্ত রেখে যাওয়া অভিমান,
সময় পেলে কুড়িয়ে নিয়ো। আমি আসি।

Tuesday, July 16, 2019

ল্যাম্পপোস্ট - গান

একটি অন্ধ ল্যাম্পপোস্ট আরও অনেক কথা বলে,
শত তারার ভিড়েও শুধু তোমায় খুঁজে চলে,
রাতের আলোয় পড়ছো জেগে তোমার প্রিয় গল্প,
সময় হলে খবর নিয়ো আমার কথাও অল্প...

ভিজে যাওয়া দিন শেষে, ফিরে গেছো কোন দেশে
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...

তুমি কেন এতো আড়ালে ঘুরে এসে দাঁড়ালে,
চেনা নদী মিশে যায় কোন মোহনায়...
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...