Saturday, May 12, 2018

মনের ভিতরে

এই রাতে কেবল বৃষ্টি পোশাকে
বাসিবো ভালো গোপনে তাহাকে,
যেই জন আমার মনের গভীরে
বাস করে একা অলীক শরীরে।
এই প্রেমে কোনও বিরক্তি নাই
আমি শুধু তাহাকে দু'চোখে হারাই,
তাহার চোখের হাসির পলকে
আমি বেঁচে থাকি বিচ্ছেদ যোগে।
মুখোমুখি হই কত কাছাকাছি
মনে ধরি তাহার আগোছালো হাসি,
একতরফা রোজ ভালোবাসা জমে
তাহাকে এঁকে রাখি মনের কলমে।

Friday, May 11, 2018

একলা শহর - গান

একলা শহর, একটা বছর
রাস্তা মোছে জটিল আঁচর,
কোথায় আমার ঘরের কোণে
একটা চিঠি একলা মনে
ভাঙছে বসে নবীন পাথর,
জ্বরের শীতে একলা চাদর
তোমার হাতের অপেক্ষাতে
কাঁদছে ভীষণ গভীর রাতে।

(Not the full version)

Thursday, May 10, 2018

অচেনার শহরে ডাকে

শহর ভেজা অহংকারে
মেঘের পালক আকাশ ছুঁয়ে,
কাঁচের স্মৃতির রেলিং বেয়ে
বৃষ্টি নামুক দুচোখ ধুয়ে।
এই শহরেই আসবো ফিরে
একলা রাতের গল্প নিয়ে,
মনখারাপের সপ্ত সুরে
গান সাজাবো তোমায় ঘিরে।

Monday, May 7, 2018

সময়ের এক্সিস

কীভাবে সময় পালিয়ে যায় রোজ,
যদি না X-এক্সিসে তাকে মুক্ত করি?
আমার সমস্ত প্রয়োজন Y-তে বন্দী,
সীমারেখা মেনে কাগজে গড়াগড়ি।
এই যে frequency বড্ড ছটফটে,
প্রত্যেক ঢেউয়ে অবাধ্যতার সারি,
যদি থমকে যায় সময়ের দৌরাত্ম্য,
তুমি কীভাবে ফিরে আসবে বাড়ি?
প্রত্যেক স্টেপে সময়ের অলীক ছোঁয়া,
বড্ড ভাবি, হয়তো ভীষণ আনকোরা,
যদি বাঁধা যেত সময় সুতোর ফাঁসিতে
তবে থেমে যেত চোখ তোমার হাসিতে।

Friday, May 4, 2018

কেন এতো গল্প লিখি রাতে - গান

শূন্যস্থানে বালি ওড়ে ওড়ে
এইখান থেকেই কাহিনীরা ঘোরে,
শব্দের দোষ থাকে আমি চলে যাই,
সন্ধ্যের আলো তোকে খুঁজে পাই
গলিমুখে অন্য প্রেমে ভেসে
তুই প্রেমিকের ঠোঁটে মুখে থাক।
আমি আছি আজও কাছাকাছি
নোনাজল সাগর মুগ্ধ হয়ে বাঁচি,
আলোছায়া মন ভাঙে রাতে হেঁটে যায়,
ঘুম চোখে পথিক পথে পথ হারায়,
চেনা পথে অন্য কোনও বেশে
এই অভিমানে রাত মুছে যাক।
আমি কেন এতো ঘুম সাজাই রাতে,
আমি কেন এতো গল্প লিখি হাতে!
তুই সব ভুলে যাস কীসের অজুহাতে,
আমি জেগে আছি আয় তোর আয়নাতে।


(Not the full version)

Wednesday, May 2, 2018

অমর কবিতা

কবিতারা অমর, শব্দের বৃষ্টিতে সুখী,
মেঘের পশমে রাতে প্রেম মুখোমুখি।

Tuesday, May 1, 2018

নদীর বুকে

কিছুটা সময় নদীর বুকে একলা মনে থাকি
সময় পেলেই ক্লান্ত হাতে তোরই ছবি আঁকি,
নৌকা পাড়ে দাঁড়িয়ে থাকে অন্য দিকে ঘুরে
জলের বিন্দু দুহাত ছুঁয়ে ভেসে যায় আরও দূরে।
আকাশ জুড়ে আলোর মায়া আবেগ বাড়ায় রোজ
আমার শহরে আলো চলাচল তোরই মনের খোঁজ,
শান্ত হাওয়ায় মুখ ফিরিয়ে বসে থাকি আমি রাতে
কথার শিকল উঠে যায় বেয়ে সময়ের অজুহাতে।