Sunday, July 1, 2018

মহাশূন্য

যদি শূন্য থেকে শুরু করি,
হয়তো একদিন উড়তে উড়তে মহাশূন্যে পৌঁছে যাবো,
তবু শূন্যতা তো রয়েই যাবে বুকে।
যা কিছু ভাবি আসলে পুরোটাই সত্যি কোয়ান্টামে,
আমাদের গতিশক্তি ভীষণ সীমিত,
তাই চাদর শীতে ঘুমিয়ে থাকি অন্য গ্রহের সুখে।
যদি টাইম ট্র্যাভেল করতে পারতাম,
তোমায় নিয়ে ভবিষ্যৎ নয়,
আলোকবর্ষ দূরে পৌঁছে যেতাম প্রিয়তমা।
যেখানে আমাদের ভবিষ্যৎ হেঁটে বেড়াতো
আর আমরা বয়স কমিয়ে শুধরে ফেলতাম সমস্ত ভুল
হয়তো বা নতুন সময়ে জন্মাতো পুরনো দিনের মাশুল।

Friday, June 29, 2018

সমীকরণ

সমীকরণ বলা বারণ
আমি যদি খুঁজে পাই তোমায়,
আগোছালো চুল ধুয়ে বৃষ্টির কণা গায়ে
এসো হাত ধরি মনের কোণায়।
দেখো প্রতিরাতে কারখানা কাঁদে
সময় মলাটে তুমি আমি এ অবকাশে
বিলীন বিশ্বে তারা হয়ে যাবো
জন্মান্তর ভুলে সমস্ত অতীতের আকাশে।

Sunday, June 24, 2018

যতটা চেয়েছি

আমি কখনও চাইনি তোমায় ছুঁয়ে দেখতে,
শুধু ভেবেছি এক আকাশ মাঝে গল্প জুড়ে
তোমার আঁচল খয়েরী ধুলোয় প্রেমিক সাজতে।
আমি কখনও চাইনি তোমায় গভীর রাত্রে,
শুধু চেয়েছি এক বিকেল আলোয় বৃষ্টি ভিজে
তোমার চোখের ঝাপসা আলোয় আমায় আঁকতে।

Saturday, June 23, 2018

মন প্রাচীর

হিসেব খাতায় দিন গড়ালে
কথায় ইতি তোমার আমার,
একটা বাক্য অধিক স্রোতে
বুকের ভিতর দুঃখ পাহাড়।
ক্লান্তি ভেজা দিনের শেষে
তোমায় লেখা একটা চিঠি,
অদৃশ্য তার কাগজ কলম
মন প্রাচীরে তোমায় লিখি।

Friday, June 22, 2018

মনের ইদারা - গান

তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
সেখানে গল্প হবো আমি
যেটা সবাই তো হতে চায়।
আমি জানি কত সময়ের সাথে
কীভাবে মনের কথা মনে দাগ কাটে
আমার চোখের শিকড় রূপকথা ভুলে
তোকেই জড়িয়ে থাকে অগভীর ঘুমে।
তোর মনের ঠিকানা রাখা
আছে বল কোন ইদারায়,
আমিও কিনতে রাজি আছি
যদি মনের বদলে হয়।

Saturday, June 16, 2018

অস্বীকার

অনুভূতিকে তুমি কখনোই অস্বীকার করতে পারো না,
যেটাকে পারো সেটা হলো আসলে তোমার অতীত।

Friday, June 15, 2018

কথার অভাব

আমি কখনও চাইনি তোমায়
অন্য সুরের বিকেল বেলায়
আমার ভিতর তোমার ছোঁয়ায়
একটু থেকো অবহেলায়।
জানি আমি আজ ভীষণ ক্লান্ত
তোমার নিয়েই স্বপ্ন দেখত
দুইখানি চোখ রাত্রি জেগে
তোমায় নিয়েই গল্প ভেবে।
হয়তো ভীষণ বেসুরো আমি
কথার অভাব আমিও জানি
হয়তো তুমি অন্য দেশে
মাতছ নতুন জীবন রেশে।
আমিও থাকছি পুরনো ছায়ায়
প্রতিবেশী গাছ দুঃখ বাড়ায়
রোদের নাগাল সালোকসংশ্লেষ
তোমায় ছাড়া আমিও আছি বেশ।