Sunday, September 15, 2019

মুখোমুখি সময়

চলতে চলতে একদিন সবাই থেমে যাবো,
অচেনা শহরটা হয়ে উঠবে খুব কাছের,
ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকবে স্মৃতি
যে বারান্দায় প্রতি প্রভাতে আলো এসে পরে
সেখানে ধুলো মেখে খেলে বেড়াবে এক ছায়া,
তাকে কেউ দেখেনি কখনও, কেউ চেনেও না
সময় চলে যাচ্ছে, বাড়ছে পারদ, সবাই ছুটছে,
কে সেই ছায়ামানব, তাকে তো চেনা হয়নি,
চোখ তোলো, উঠে দাঁড়াও, শরীরের গন্ধ নাও,
দেখো চিনতে পারছ? আরেকটু আলো চাই?
কিন্তু আমার যে আলোতে ভীষণ ভয় করে,
হ্যাঁ, আমি! এটাই আমার বিচরণক্ষেত্র।
ধুলো জমা ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে গেলাম
তোমার সমস্ত রেখে যাওয়া অভিমান,
সময় পেলে কুড়িয়ে নিয়ো। আমি আসি।

Tuesday, July 16, 2019

ল্যাম্পপোস্ট - গান

একটি অন্ধ ল্যাম্পপোস্ট আরও অনেক কথা বলে,
শত তারার ভিড়েও শুধু তোমায় খুঁজে চলে,
রাতের আলোয় পড়ছো জেগে তোমার প্রিয় গল্প,
সময় হলে খবর নিয়ো আমার কথাও অল্প...

ভিজে যাওয়া দিন শেষে, ফিরে গেছো কোন দেশে
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...

তুমি কেন এতো আড়ালে ঘুরে এসে দাঁড়ালে,
চেনা নদী মিশে যায় কোন মোহনায়...
ফেলে আসা স্মৃতিগুলো গিলেছে আমায়...

Wednesday, June 5, 2019

মেঘেদের রঙ - গান

কে রাঙালো গোধূলির শেষে এই সোনাঝরা রোদে তার
মেঘেদের গায়ে সেই রঙ,
পাখীরাও নীড়ে ফেরে ক্লান্তির ধুলো ঝেড়ে গাছে গাছে
ডেকে ওঠে সেই কোলাহল।
বাঁশি সুরে বহুদূরে ভেসে আসে কোন সেই গান
ছুঁয়ে যায় মন তার আলাপের কথা ঠোঁটে
মোহ গুনে ঢেকে দেয় কান।
সেই মনেতেই, জোনাকির আলোকেই ভরে যায় প্রান
চোখে তার নিরাকার সাগরের নোনা জলে
তারারাও করে যায় স্নান।

Sunday, May 26, 2019

ছদ্মবেশী

রাতের পাহাড় ছুলো তোমায় তারার বুকে স্বপ্ন এঁকে,
আবার তুমি আসবে কবে ডাকপিয়নে প্রশ্ন রেখে।
তোমার কথার গল্পগুলো হারিয়ে যায় অন্য দেশে,
একলা ঘরের স্তব্ধ স্মৃতি তোমায় খোঁজে ছদ্মবেশে।
জানছি আমি, বুঝছি তোমায়, খুঁজছি শুধু মনের ভেতর
আলতো ছোঁয়া তোমার হাতে গল্প জোড়া সে শ্বেতপাথর।

Thursday, May 16, 2019

আমি চাইছি শুধু তোকে - গান

তোর মতো চোখে দেখবো বলে স্বপ্ন জ্বালি মনে,
তোর মতো একা হাঁটবো বলে ভাবছি ঘরের কোণে।

একা যেতে দে আমায় সেই আলোর খোঁজে দূরে
গানে বেঁধে দে আমায় আরও অনেক নতুন সুরে।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

তোর মতো লেখা পড়বো বলে জ্বালছি অনেক আলো
তোর ছোঁয়া পেয়ে বুঝতে পারি অন্ধকারটাও ভালো।

আমি পুড়তে ভালোবাসি এই অনুভূতির ছোঁয়ায়
আমি থাকতে ভালোবাসি তোর মনেরই দোরগোড়ায়।

আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।
শুধু তোকে বলি, সব মনের গলি,
আমি জানি
 সবই, নামে রাতের পরি।
আমি চাইছি শুধু তোকে কেন আরও কাছে বল,
আমি ভাবছি শুধু তোকে তুই আমার সাথে চল।

খাঁচার পাখি

নামতে নামতে সিঁড়িগুলো ভাঙতে আমায় আসছে দেখো
ওলট পালট গল্প ছুঁয়ে বুকের ভেতর আমায় রেখো।
যখন তুমি দেখবে চোখে উষ্ণ আঁচর একটা কারণ
তখন নাহয় জানবে সে প্রেম অন্য কোথাও বলা বারণ।
হয়তো চোখের জমবে বালি তারায় ভিজে অন্য রাতে,
কার বুকেতে ভরসা পাবে কার ছোঁয়াতে বাঁধবে হাতে।
আমার শুধুই শব্দ খোঁজার গল্প জমে সময় ঘিরে
খাঁচার পাখি বুঝবে কেমনে সুখের জোয়ার আপন নীড়ে।

Thursday, May 2, 2019

তুই থাকলে পাশে - গান

তুই থাকলে পাশে
আজ বৃষ্টি আসুক রাতে
আমার একলা আকাশ বড্ড কালো...
আজ বায়না ধরে মনে
শুধু তোকে চাইবে বলে
বল থাকবি তো তুই অনেক ভালো...
আজ তুই থাকলে পাশে...