Monday, September 10, 2018

বিরহের রীতি

রোদ ফুরিয়ে একদিন ভীষণ কুয়াশা
তুমি নেমে যাবে ছায়া শীতে চোখ ভিজে
অপেক্ষা জমবে জীবনের প্রতিটি ধাপে
তোমাকে না পাওয়ার এক অরণ্য ব্রিজে।
অজস্র ধূলিকণা মাখা লাল গোধূলির তীরে
প্রতিফলিত হবে এক উষ্ণ চুম্বনের স্মৃতি
সেখানে পথ মুছে থেমে যাবে সময়ের খাতা,
স্তব্ধতা ভেঙে মেনে নিতে হবে বিরহের রীতি।

Sunday, September 9, 2018

একটা একটা করে - গান

একটা একটা করে চিনছি দিন
আরেকটা দিন ভেজা শহর,
একটু একটু করে গলছে মন
আরেকটা বুক জমে পাথর।
তুমি গল্পের খাতা খুলে
মহাদেশ পাড়ি দিলে
নামলো না সেই পরী তোমার গল্পে
তবু বুক ঠুকে ভালোবেসে যাও,
আমাকে চাইলে ফিরিয়ে নাও।

(not the complete lyrics)

Saturday, September 8, 2018

শেষ বাসস্টপ

রঙে রঙে নেশা লাগে চোখে
মনে পড়ে যায় সেই পুরনো কাগজ
যেখানে লেখা টুকরো খেয়াল
আর ছিটে ফোঁটা কিছু বৃদ্ধ মগজ,
সবাই মিলে ভিড় করে এসে
সকাল রোদে আমার মনের কোণায়
খবরে স্ট্যাটাসে জমে থাকা গোল
ভেঙে চলে যায় আমার আঙুল ছোঁয়ায়।
ভেঙে দিতে চাই এই কঠিন রাত্রি
তোমার বুকের ভিতর মোমের শিখায়
উষ্ণতা জমে রাতে নতুনের প্রতি
তুমি ভালোবেসে থেকো আমার লেখায়,
আমি চলে যাবো ঠিক অন্য রুটে
কখনও খুঁজো না আমায় কিছু যান্ত্রিক স্টকে,
তুমি তো কেবল গল্পটা লিখেছিলে
আমাকে নেমে যেতে দাও ওই শেষ বাসস্টপে।

Thursday, August 30, 2018

অনুভূতি সিরিজ - ৩

মনখারাপের কোনও একক নেই
যতটা দূরত্ব বাড়ে ততটাই সত্য,
ইতিহাস সাক্ষী প্রতিটি প্রেমের
কোনও এক সন্ধ্যায় পতন ঘটতো।
আমরাও তাই সরে গেছি দূরে
শেষ রাতের ওই স্বপ্নের ভোরে,
যেখানে সময় শেষ কথা বলে
ধ্রুবতারা একা গল্পটা শোনে।

Sunday, August 26, 2018

কত বার - গান

কত কত কত কত বার বার বার
আবেগে জমেছে যে পাহাড়,
কত কত কত কত বার বার বার
লাগেনি এ টেলিফোন, রং নাম্বার।
চেয়ে দেখি তোমাকে
গ্যালারিতে কে বসে
স্ক্রিনে ছোঁয়া আঙুল তাই মন ছুঁতে চায়,
কত কত কত কত বার বার বার
চোখেতে তোমার ছবি নেমেছে আষাঢ়।

হাতে শুয়ে তুলি, ক্যানভাসে ঘুড়ি
আঁকাবাঁকা পথে চলে যায়,
বুকে জমে পাথর আর ভেজা জামা কাপড়
লাল রোদে মন যে হারায়।

(It's not the complete lyrics)
follow me at Facebook

Monday, August 13, 2018

মনখারাপের গোপন আহার

হয়তো আমরা ফুরিয়ে যাচ্ছি
সকাল বিকেল অনেক রাত্রি,
চোখের আঁধার খুঁজছে কারণ,
তোমার নামটা বলা বারণ।
আমার প্রেমের যন্ত্রণাতে
তুমিও থেকো অন্য রাতে,
আমার কথার শব্দ পাহাড়
মনখারাপের গোপন আহার।

Wednesday, August 8, 2018

অচেনা মন

আমাকে মনে রেখো
বিঁধে রেখো তোমার বুকে,
ধুসর স্মৃতির মায়ায় না জড়িয়ে
তুমিও থেকো ভীষন সুখে।
যদি কোত্থাও দেখা হয়ে যায়
চিনবে না তুমি আমায় চিনেও,
পথ এড়িয়ো চোখের আড়াল
মুছে দিও তোমার বিরক্তিতেও।